ঝিকরগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে হতাহত ২

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ঝিকরগাছা সদর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে। নিহত ইলিয়াজ হোসেন ঝিকরগাছা পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের ফজলু মিস্ত্রির ছেলে ও আহত আব্দুল (৩৫) গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে চোরেরা চন্দ্রপুর গ্রামের ইনসান আলীর গোয়াল ঘরের দরজা ভেঙে গরুর গলার শিকল কেটে তিনটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ সময় ইনসান আলীর এক ভাইপো বুঝতে পেরে মোবাইল ফোনের মাধ্যমে মাঠের সেচকাজে থাকা কয়েকজনকে জানান। গ্রামবাসীর সহযোগিতায় তারা পার্শ্ববর্তী মির্জাপুর গ্রামের মাঠের মধ্যে গরুচোর ইলিয়াজ হোসেন ও আব্দুলকে ধাওয়া করে। এরই একপর্যায়ে ধরাঘাট এলাকায় গিয়ে চোরদের ধরে ফেলেন স্থানীয়রা। এ সময় এলাকাবাসীর পিটুনিতে দুই জন মারাত্মক জখম হন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস হোসেনের মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয়রা আরও জানান, সম্প্রতি পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফাহিমের ছেলে ভ্যানচালক রবিউল ইসলামের প্রায় ৯০ হাজার টাকার এবং পদ্মপুকুর গ্রামের আয়ুব হোসেনের প্রায় দেড় লাখ টাকা দামের দুটি গরু চুরি হয়েছে।

ভাগ