স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ও শৈলকুপা সংবাদদাতা ॥ মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুচ্চারণযোগ্য পোস্ট দেয়ায় শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিন্টু মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুকে পিন্টু মজুমদারের পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বুধবার রাত ৮ টার দিকে গ্রেফতার করা হয় তাকে। পিন্টু মজুমদার কুমড়িয়াদহ গ্রামের চন্ডি প্রসাদ মজুমদারের ছেলে।
জানা গেছে, বুধবার সকালে নিজের ফেসবুকে হযরত মুহাম্মদ সা., ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায় নিয়ে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দেন পিন্টু কুমার মজুমদার। পোস্টটি এলাকাবাসীর নজরে আসার পরপরই উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা পিন্টুর বাড়িতে হামলা চালায়। তারা হাটফাজিলপুর বাজারে বিক্ষোভ প্রদর্শন করে। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর কুমড়িয়াদহ গ্রাম থেকে শিক্ষক পিন্টু কুমার মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পিন্টু মজুমদারকে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার হাসানুজ্জামান। তিনি এলাকাবাসীকে শান্ত থাকার পরামর্শ দেন। প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম শিমুল, বিপুল হোসেন, আরজু ও রিপন খান জানান, পুলিশ দক্ষতা ও দ্রুততার সাথে যে ভাবে সংক্ষুব্ধ জনতাকে শান্ত করে গোটা এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনে তা ছিল নজিরবিহীন। পুলিশের সাথে তারাও অংশ নেন। তাদের ভাষ্য, দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পিন্টু মজুমদারকে গ্রেফতারসহ উত্তাল জনতাকে শান্ত করার যে কৌশল অবলম্বন করে তা ছিল একটি সাহসী পদক্ষেপ।





