স্টাফ রিপোর্টার ॥ যৌতুক দিতে না পারায় শ্বশুরপক্ষের নির্যাতনে মনিরা বেগম (২৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। গত সোমবার বিকেলে বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। আহত মনিরা বেগম জানিয়েছেন, তার শ্বশুর আব্দুর রহমান, শাশুড়ি মেহেরুন্নেছা, নোনদ জেসমিন ও জেসমিনের স্বামী আহাদ আলী সোমবার বিকেলে মনিরা বেগমকে বেধড়ক মারপিট করে নির্যাতন চালায়। মনিরা বেগম মানকিয়া গ্রামের কৃষক মো. হাফিজুর রহমানের স্ত্রী। দু’সন্তানের জননী তিনি।
তার অভিযোগ শ্বশুর-শাশুড়িসহ অন্যরা প্রায়ই তার কাছে যৌতুকের টাকা চায়। গরিব পিতা কিছু দিতে না পারার কারণে তারা প্রতিনিয়ত শারীরিক নির্যাতন চালায়। মনিরা বেগম শার্শা উপজেলার নারায়নপুরের কিসমত আলীর কন্যা। ৮ বছর আগে হাফিজুর রহমানের সাথে তার বিয়ে হয়।





