চূড়ামনকাটিতে জমি কেনা নিয়ে দোকানিকে মারপিট ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে জমি কেনাকে কেন্দ্র করে শাহিন হোসেন নামে এক দোকানিকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় দুই দুর্বৃত্তকে আসামি করে বুধবার যশোর কোতয়ালি মডেল থানায় লিখিত এজাহার দেয়া হয়েছে। শাহিন হোসেন (৩০) চুড়ামনকাটি দক্ষিণপাড়ার জামাত আলী মন্ডলের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এজাহারে বলা হয়েছে, চুড়ামনকাটি দক্ষিণপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে কামাল হোসেনের কাছ থেকে ২ শতক জমি ৭ লাখ টাকায় কেনেন শাহিন হোসেন। ২০ জানুয়ারি সোমবার ওই জমি তার নামে রেজিস্ট্রি হয়। এতে কামালের সৎভাই জাকির ও এমদাদুলসহ অন্যরা শাহিনের ওপর ক্ষুব্ধ হয়। ওই দিন বিকেলে তাকে হুমকি দিয়ে বলা হয়, ’তুই জমি কিনে ভালো করিসনি, আমরা ওই জমি ৬ লাখ টাকায় কিনতে চেয়েছিলাম কিন্তু তুই ৭ লাখ টাকা দিয়ে কিনলি। অবশ্যই এর খেসারত তোকে দিতে হবে’। ওইদিন রাত পৌনে ১০ টার দিকে শাহিন নিজের দোকান থেকে ফেরার সময় নিজ বাড়ির সন্নিকটে তরফদার রাইস মিলের সামনে পৌঁছালে জাকির ও এমদাদুল তার ওপর হামলা চালায়। তারা লোহার রড দিয়ে পিটিয়ে তাকে জখম করে। এ সময় শাহিনের পকেট থেকে নগদ ৪০ হাজার ৭ শ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিও দাস জানান, আহত শাহিনের অবস্থা গুরুতর। তার দুই পায়ের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় লিখিত এজাহার হাতে পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাগ