মহেশপুরে তৃতীয় শ্রেণির ছাত্র পিয়াস নিখোঁজ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্র গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পিয়াস (১০) উপজেলার তৈলটুপি গ্রামের হারুন অর রশিদের ছেলে। শিশুটির মা রুশিলা খাতুন জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে বাইরে থাকেন। চার ছেলে-মেয়ে নিয়ে তিনি অনেক কষ্ট করে তৈলটুপি গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন। বাড়ির পাশে রাস্তায় পাঁপড় ভেজে বিক্রি করে ছেলে-মেয়েদের লেখাপড়া করান। পিয়াস গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। গত ১৪ জানুয়ারি সকালে বাড়ি থেকে বেরোনোর পর তার কোন খোঁজ পাওয়া যায়নি। প্রতিদিন পাগলের মত ছেলেকে খুঁজে ফিরছেন তার মা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে মহেশপুর থানায় জিডি করা হয়েছে।

ভাগ