তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে পল্লী বিদ্যুতের খুটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। উপজেলার পাটকেলঘাটা থানার ছোটকাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকের নাম ফারুক হোসেন (৩০)। তিনি লালচন্দ্রপুর গ্রামের শেখ আব্দুল লতিফের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার সকালে ছোটকাশিপুর এলাকায় বিদ্যুতের খুটিতে উঠে কাজ করার সময় বিদ্যুতায়িত হন শ্রমিক ফারুক। এরপর সাথে সাথেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাটকেলঘাটা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, ঠিকাদারের অধীনে বিদ্যুৎ উন্নয়নের কাজ করা সময় ওই শ্রমিকের মৃত্যু হয়। তিনি আরো জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।





