শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোলে ২৭৭ বোতল ফেনসিডিল ও বিভিন্ন ভারতীয় পণ্যসহ শফিকুল ইসলাম নামে এক চোরাচালানীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯ টায় বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে ফেনসিডিল ও চোরাচালান পণ্যসহ তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম যশোর পুলেরহাট এলাকার কৃষ্ণবাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বেনাপোল পোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শাহিন ফরহাদের নেতৃত্বে নারানপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে সফিকুলকে ২৭৭ বোতল ফেনসিডিল, শাড়ি থ্রি-পিস, জুতা, তেল, শার্টের কাপড়, সাবানসহ আটক করা হয়। এদিকে আটক সফিকুল বলেন, ’শাড়ি, থ্রি-পিস, জুতা, তেল, শার্টের কাপড়, সাবান একান্তই আমার ব্যক্তিগত। এ মালামাল পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছে। আর ফেনসিডিল যশোর শহরের মারুফা নামে এক মহিলার। সে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়’। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, ’উদ্ধারকৃত ফেনসিডিল ও ভারতীয় পণ্যসহ শফিকুলের নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে। তবে তার সাথে আর কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে’।




