বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে সুমাইয়া খাতুন (২০) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত শনিবার দুপুর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এ ঘটনায় ওইদিন রাতেই তার স্বামী আনসার সদস্য আব্দুর রহমান বাগেরেহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ সুমাইয়া খাতুন সদর উপজেলার কাফুরপুরা গ্রামের তবিবুর রহমানের মেয়ে। গত বছরের ২৩ এপ্রিল একই উপজেলার কোমরপুর গ্রামের আব্দুর রহমানের সাথে তার বিয়ে হয়। ঘটনার দিন (শনিবার) দুপুরে কাউকে কিছু না বলে সুমাইয়া খাতুন বাড়ি থেকে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। বাগেরহাট মডেল থানা পুলিশের ওসি মো. মাহতাব উদ্দিন বলেন, সাধারণ ডায়েরি করার পর বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।




