বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে আহরণ নিষিদ্ধ ৩মণ জাটকা ইলিশসহ এমভি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। জাটকা আহরণের অপরাধে ট্রলারের মাঝি রমজান আলী ও মৎস্য আড়তদার বাগেরহাটের ইসরাফিল সরদারকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে এ জরিমানার আদেশ দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। ট্রলারটি দুবলার চর এলাকা থেকে মাছ ধরে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিল। কোস্টগার্ড, শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, ট্রলারটিকে তল্লাশি করে জাটকা পাওয়া যায়। জব্দকৃত জাটকা বিভিন্ন ইয়াতিম খানায় বিতরণ করা হয়েছে।





