স্টাফ রিপোর্টার ॥ যশোরে মাদক সংক্রান্ত মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল গাজী অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সিরাজ গাজীর ছেলে। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি যশোর জেলা গোয়েন্দা পুলিশ অভয়নগরের শংকরপাশা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে অভয়নগর চেয়ারম্যান বাড়ি যাত্রী ছাউনির সামনে থেকে বিল্লাল আটক হয়। পরে তার কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি চালিয়ে ৫শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য ৫০ লাখ টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই সেকেন্দার আবু জাফর বাদী হয়ে বিল্লালকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। ২০১৮ সালের ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা এসআই জলিলুর রহমান বিল্লালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।





