স্টাফ রিপোর্টার ॥ আজ ১৭ জানুয়ারি উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের নেতা,মুক্তিযুদ্ধের সংগঠক,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি সমাধিস্থল বাকড়িতে দুই দিনব্যাপী স্মরণমেলার আয়োজন করেছে। আজ প্রথম দিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী)সহ সহযোগী সংগঠনগুলো দুপুর ১২টায় কমরেড অমল সেনের সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করবে। এছাড়া দুই দিন রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বেলা ২টায় আলোচনা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহন করেছে। আলোচনায় উপস্থিত থাকবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড ড. সুশান্ত দাস, কমরেড নূর আহমেদ বকুল, কমরেড মুস্তাফা লুৎফুল্লাহ এমপি প্রমুখ। সভাপতিত্ব করবেন কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড নজরুল ইসলাম।
এদিকে কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলে যুব মৈত্রীর যশোর জেলা কমিটির এক স্মরণ সভা গতকাল সকাল ১১টায় দলের নীল রতন ধর রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা সহ সভাপতি শেখ আলাউদ্দিন। সভার শুরুতে কমরেড অমল সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় আগামীকাল ১৭ জানুয়ারি বাকড়ীতে অমল সেন স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন ও ১৮ জানুয়ারি স্মরণমেলা সফল করার জন্য সকল নেতাকর্মীর আহবান জানান হয়। সভায় বক্তব্য রাখেন যুবনেতা রুহুল আমিন, মোঃ মাসুদুর রহমান, চন্দন বিশ্বাস, মন্জুরুল আলম, শাহনেওয়াজ আনোয়ার লেনিন, হুমায়ুন কবীর সেতু, মামুনুর রশিদ প্রমুখ। সভায় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা কমিটির সভাপতি কমরেড নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু।





