স্টাফ রিপোর্টার ॥ যশোরের চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আটক লিটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লিটন বাহাদুরপুর পূর্বপাড়া গ্রামের আবুল মোতালেবের ছেলে। জুডিসিয়াল ম্যাজি্েট্রট মঞ্জুরুল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, সোহাগ হত্যা মামলায় যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল তার ড্রাইভার ছিলেন লিটন। এ হত্যার সাথে লিটন জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর গভীর রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় নিজ বাড়ির কাছে সন্ত্রাসীদের হাতে খুন হন যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় তিনি কাঁঠালতলা থেকে বাড়ি ফিরছিলেন। নিহত শরিফুল ইসলাম কাজীপাড়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই ফেরদাউস হোসেন ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।




