বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসো. নির্বাচন মুজিবর সভাপতি ও সাজেদুর সম্পাদক

0

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) ॥ যশোরের বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ১ হাজার ৭শ ২১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫শ ৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ১০ টায় পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. আব্দুল হামিদ। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন মুজিবর-নাসির সমমনা পরিষদের বর্তমান সভাপতি মুজিবর রহমান। তিনি চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের জহিরুল ইসলাম রিপন ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঐক্য পরিষদের সাজেদুর রহমান। তিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন তরবারি প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৭ ভোট। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তাজিন। তিনি চমশা প্রতীক নিয়ে পেয়েছেন ৮০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসানুর রহমান হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৯ ভোট। অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো. কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাকিরুল ইসলাম শাকিল, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক রিয়াজুল ইসলাম ওয়াসিম, অর্থ সম্পাদক সুমন হোসেন, কাস্টম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বন্দর বিষয়ক সম্পাদক আওয়াল হোসেন, কার্গো শাখা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, প্রচার ও ক্রীড়া সম্পাদক আরিফ বিল্লাহ, ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী এবং কার্যনির্বাহী সদস্য ইসমাইল শেখ, আসাদুজ্জামান আসাদ, আব্দুস সাত্তার ও হাসান আলী। এবারের নির্বাচনে রিপন-সাজেদুর ঐক্য পরিষদ ও মুজিবর-নাসির সমমনা পরিষদের দুটি প্যানেল থেকে ১৭টি পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল হামিদ জানান, সকলের সহযোগিতায় নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।