কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মোবারকগজ্ঞ চিনিকলের আখ বোঝাই চলন্ত ট্রাক্টর থেকে আখ টেনে বের করতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পল্লীতে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সাবদারপুর ইউনিয়নের মোকছেদের মোড় নামক স্থানে কোটচাঁদপুর মুখি মোবারকগজ্ঞ চিনিকলের আখ বোঝাই চলন্ত ট্রাক্টরের পিছন থেকে আখ টানতে গেলে পড়ে গিয়ে ইমরুল হোসেন (১০) নামের এক শিশু মারাত্মক আহত হয়। পরে এলাকাবাসী তাকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির পিতার নাম আব্দুস সালাম। তার পিতা-মাতা মোকছেদের মোড়ে অবস্থিত একটি ইটভাটার শ্রমিক। তাদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার দেবদোয়ার গ্রামে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে। লাশ তার পিতা-মাতার কাছে দিয়ে দেয়া হয়েছে।




