স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরের প্রেমবাগে সোমবার গণপিটুনিতে ৩ গরু চোর নিহতের ঘটনায় যশোর কোতয়ালি ও অভয়নগর থানায় হত্যা ও চুরির দুটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে অভয়নগর থানায় অজ্ঞাত ৪/৫ শ ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। অপরদিকে গরু চুরির ঘটনায় গাইদগাছি গ্রামের খোরশেদ আলম বাদী হয়ে ১৪/১৫ জনকে আসামি করে যশোর কোতয়ালি থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরির ভয়ে পালাক্রমে রাতে পাহারা দিয়ে আসছিলেন গ্রামবাসী। এলাকাবাসী গরু চোর আতঙ্কে রাত যাপন করতেন। এই ঘটনার পর থেকে গ্রামবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, সোমবার রাত ৪ টার দিকে যশোর সদর থানার গাইদগাছি গ্রামের খোরশেদ আলমের গোয়াল ঘর থেকে গরু চুরির করার সময় গৃহকর্তা টের পেয়ে যান। এ সময় অভয়নগরের প্রেমবাগ গ্রামে তার ভাগ্নেকে মোবাইল ফোনে চুরির খবর জানালে তিনি মসজিদের মাইকে গরু চুরির খবর প্রচার করার পর গ্রামবাসী রাস্তায় নেমে আসেন। একটি পিকআপে থাকা চুরি হওয়া গরুসহ তিন চোরকে ধরে ফেলেন তারা। এসময় গণপিটুনিতে ঘটনাস্থলেই সোহেল ও শওকত নামে দুই গরু চোরের মৃত্যু হয় এবং অপর একজনকে আহত অবস্থায় অভয়নগর থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে নিহতদের লাশের ময়নাতদন্ত শেষে দুইজনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অজ্ঞাত ব্যক্তির মরদেহ মর্গে ছিল গতকাল।





