যশোর বাজারে নতুন বর্ধিত মূল্যের বোতলজাত সয়াবিন তেল : ৫ লিটার এমআরপি ৫৪০ টাকা

শেখ আব্দুল্লাহ হুসাইন ॥ নতুন বর্ধিত মূল্যের বোতলজাত সয়াবিন তেল বাজারজাত শুরু হয়েছে। যশোরের বাজারে বিভিন্ন কোম্পানির তেল প্রতি বোতলে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। স্থানীয় ডিস্ট্রিবিউটররা শীতকালে বাজারে ভোক্তাদের বাড়তি চাহিদা এবং আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ হিসেবে বাজারে দাম বেড়েছে বলে দাবি করছেন।
চলতি সপ্তাহে যশোরের বড় বাজারে নতুন বর্ধিত মূল্যের রুপচাঁদা, তীর,বসুন্ধরা ও ফ্রেশ ব্র্যান্ডের প্লাস্টিক বোতলের বিভিন্ন লিটারের সয়াবিন তেল বাজারে সরবরাহ করা হয়েছে। ১ লিটার রুপচাঁদা তেলের বোতলের গায়ে (এমআরপি/সর্বোচ্চ খুচরা মূল্য) নতুন দর লেখা আছে ১১৪ টাকা, আগে লেখা ছিল ১১০ টাকা। ২ লিটার বোতলের গায়ে লেখা ২২৬ টাকা, আগে লেখা ছিল ২১৮ টাকা। ৫ লিটার বোতলের গায়ে লেখা ৫৪০ টাকা, আগে লেখা ছিল ৫৩০ টাকা। বসুন্ধরা সয়াবিন তেল ১ লিটার বোতলের গায়ে নতুন দর লেখা ১১০ টাকা, আগে লেখা ছিল ১০৩ টাকা। ২ লিটার তেলের বোতলে গায়ে লেখা ২১৮ টাকা, আগে লেখা ছিল ২০২ টাকা। ৫ লিটার তেলের বোতলের গায়ে লেখা ৫৩০ টাকা, আগে লেখা ছিল ৫০৬ টাকা।
ফ্রেশ সয়াবিন তেল ১ লিটার বোতলের গায়ে নতুন দর লেখা ১০৫ টাকা, আগে লেখা ছিল ১০২ টাকা। ২ লিটার বোতলের গায়ে লেখা ২১৮ টাকা, আগে লেখা ছিল ২০২ টাকা। ৫ লিটার তেলের বোতলের গায়ে লেখা ৫৩০ টাকা, আগে লেখা ছিল ৫০০ টাকা। তীর সয়াবিন তেল ১ লিটার বোতলের গায়ে নতুন দর লেখা ১১০ টাকা, আগে লেখা ছিল ১০২ টাকা। ২ লিটার বোতলের গায়ে লেখা ২১৮ টাকা, আগে লেখা ছিল ২০২ টাকা। ৫ লিটার বোতলের গায়ে নতুন দর লেখা ৫৩০ টাকা, আগে লেখা ছিল ৫০০ টাকা। স্থানীয় ডিস্ট্রিবিউটররা দোকানিদের কাছে বডি রেট (এমআরপি/সর্বোচ্চ খুচরা মূল্য) থেকে ছাড় দিয়ে তেলের বোতল সরবরাহ করেন। বর্তমানে নতুন দর অনুযায়ী বসুন্ধরা গ্রুপ বডি রেট থেকে ৯ টাকা কমে ১ লিটার সয়াবিন তেল বিক্রি করছে ১০৫টাকা, ২ লিটার তেল ১৬ টাকা কম নিয়ে ২১০ টাকা, আর ২৫ টাকা কম নিয়ে ৫ লিটার তেল বিক্রি করছে ৫১৫ টাকা। মেঘনা গ্রুপ ফ্রেশ সয়াবিন তেল দোকানিদের কাছে ৫ টাকা কম নিয়ে ১ লিটার তেল বিক্রি করছে ১০৫ টাকা, ২ লিটার তেল ২০ টাকা কম নিয়ে বিক্রি করছে ১৯৮ টাকা, আর ৪৫ টাকা কম নিয়ে ৫ লিটার তেল বিক্রি করছে ৪৮৫ টাকা। সিটি গ্রুপ তীর সয়াবিন তেল দোকানিদের কাছে ১০ টাকা কম নিয়ে ১ লিটার তেল বিক্রি করছে ১০০ টাকা, ২ লিটার তেল ২০ টাকা কম নিয়ে বিক্রি করছে ১৯৮ টাকা, আর ৩০ টাকা কম নিয়ে ৫ লিটার তেল বিক্রি করছে ৫০০ টাকা। বসুন্ধরা গ্রুপ ১২ টাকা কম নিয়ে ১ লিটার সয়াবিন তেল বিক্রি করছে ৯৮ টাকা, ২ লিটার তেল ২০ টাকা কম নিয়ে বিক্রি করছে ১৯৮ টাকা, আর ৫৫ টাকা কম নিয়ে ৫ লিটার তেল বিক্রি করছে ৪৭৫ টাকা। এখানে বিভিন্ন কোম্পানি থেকে বডি রেট থেকে দোকানিরা বোতলজাত সয়াবিন তেলে ১ লিটারে ৫ টাকা থেকে ৫ লিটারে ৫৫ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। কোম্পানিগুলোর সরবরাহকৃত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য অনুযায়ী ভোক্তাদের কাছে দোকানিরা বিক্রি করার অধিকার রাখেন। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে দোকানিরা যে পরিমাণে কোম্পানি থেকে ছাড় পান সেখান থেকে ভোক্তা পর্যায়েও বডি রেট থেকে কম মূল্যে বিক্রি করে থাকেন। তবে কোম্পানিগুলো যদি দোকানিদের ছাড় আরও কমিয়ে দেয়, সেক্ষেত্রে বোতলের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যে দোকানিরা খরিদ্দারের কাছে বিক্রি করার অধিকার রাখেন। যশোরে সিটি গ্রুপের তীর ব্র্যান্ড সয়াবিন তেলের ডিস্ট্রিবিউটর মো. মনিরুজ্জামান, মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ড সয়াবিন তেলের ডিস্ট্রিবিউটর সেলিম রেজা ও বসুন্ধরা গ্রুপের যশোর জোনাল সেলস ইনস্পেক্টর দেলোয়ার হোসেন সোমবার লোকসমাজকে জানান, শীতকালে সুপার ও পাম তেল জমে যায়। এ কারণে সয়াবিন তেলের ওপর বাড়তি চাপ পড়ে এ কারণে এ সময়টা দাম বেড়ে থাকে। তাছাড়া তারা যতদূর জানেন যে আন্তর্জাতিক বাজারেও ভোজ্যতেলের দাম বেড়েছে।

ভাগ