স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা মোড়ে কমিউনিটি পুলিশিং ফোরাম অফিসের সামনে অভিযান চালায়। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, সদর উপজেলার বলরামপুর গ্রামের হায়দার আলীর স্ত্রী সাবিনা বেগম (২৮), রামনগর রেললাইনের পাশের রুবেল ইকবাল বাবু (৩২) ও তার স্ত্রী পারভীন খাতুন (৩০)। এরপর রাত সাড়ে ৭টার দিকে চাঁচড়া চেকপোস্টে অভিযান চালানো হয়। এ সময় সেখানকার আলামিন টেলিমক নামে একটি দোকানের
সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ দুজনকে আটক করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীদ্বয় হচ্ছেন, শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত ই¯্রাফিল মণ্ডলের ছেলে ইফতিয়ার মণ্ডল (৫০) ও মৃত দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫)। ব্রিফিংয়ে আরও বলা হয়, রাত ৯টার দিকে পুলিশ সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের জনৈক আব্দুল সরদারের বাড়ির পাশ থেকে বিপুল হোসেন (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক বিপুল হোসেন পোলতাডাঙ্গা গ্রামের মশিয়ার বিশ্বাসের ছেলে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, কোতয়ালি থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান, ইনসপেক্টর সুমন ভক্ত, সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর তুষার কুমার মণ্ডল প্রমুখ।





