স্টাফ রিপোর্টার ॥ যশোরে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও পৌনে ৩ লাখ টাকাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার এ সংক্রান্ত শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পুলিশ তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল। এদিকে আটক দুই মাদক ব্যবসায়ীকে জামিন করাতে বেনাপোলের বিশেষ পেশার এক ব্যক্তির দৌড়ঝাঁপে পুলিশ হতবাক হয়েছে। ফলে মাদক ব্যবসার সাথে তার কোন সম্পৃক্ততা আছে কি-না তা পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে। গত ৮ জানুয়ারি সদর ফাঁড়ির পুলিশ পৃথক অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও শাহাবুল ইসলাম নামে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। রবিউল ইসলাম (৩২) শার্শা উপজেলার ভবেরবেড় মাঝেরপাড়ার মৃত শেখ রইচ উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর আটক শার্শার বিকাশ এজেন্ট শাহাবুল ইসলামের কাছ থেকে মাদক বিক্রির পৌনে ৩ লাখ টাকা করে পুলিশ। সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর তুষার কুমার মণ্ডল বিশেষ পেশার ওই ব্যক্তির নাম উল্লেখ করে বলেন, আটক ইয়াবা ব্যবসায়ীদের জামিন করাতে তিনি ছুটাছুটি করছেন। তদবিরও করছেন। এ কারণে ওই ব্যক্তির বিষয়ে তারা খতিয়ে দেখছেন।





