যশোরে মুক্তিপণের দাবিতে অপহরণ মামলায় ৬ জনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মোবাইল ফোনের পুরনো পার্টস ব্যবসায়ী কহিদুল ইসলাম অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় আটক ৬ দুর্বৃত্তের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার এ সংক্রান্ত শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ আদালতে তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলো।
আদালতে যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হচ্ছেন-যশোর শহরের ঘোপ জেল রোডের মৃত রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, ষষ্ঠীতলার শ্যাম মন্ডলের ছেলে মানিক মন্ডল, শহরতলীর শেখহাটি বাবলাতলার মোসলেম আলী ওরফে আব্দুল গনির ছেলে রাব্বি হোসেন সাদ্দাম, মুড়লির হালিম ফকিরের ছেলে শওকত হোসেন আপন, সদর উপজেলার ফতেপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে নয়ন ও পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারীখালী গোরস্থানপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে নুর ইসলাম সনি। উল্লেখ্য, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের আব্দুল জলিলের ছেলে ব্যবসায়ী কহিদুল ইসলামকে মোবাইল ফোনের পুরনো পার্টস বিক্রির কথা বলে দুর্বৃত্তরা যশোরে ডেকে আনেন। গত ৪ জানুয়ারি ওই ব্যবসায়ী যশোরে এলে তাকে অপহরণ করে পোস্টঅফিসপাড়ায় পৌর কাউন্সিলর হাজি সুমনের একটি মেসে আটকে রেখে তাকে মারধর এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এছাড়া তার কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেয়া হয় প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় পরদিন সন্ধ্যায় ডিবি পুলিশ পোস্টঅফিসপাড়ায় অভিযান চালিয়ে জড়িত উল্লিখিত ৬ জনসহ ৭ দুর্র্বৃত্তকে আটক করে। অপর দুর্বৃত্তের নাম গোলাম রসুল। তিনি শহরের সার্কিট হাউসপাড়ার হোসেন আলী গাজীর ছেলে। ৬ জানুয়ারি আটক দুর্বৃত্তদের আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ। এ সময় আটক গোলাম রসুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়া অপর ৬ জনের পাঁচদিন করে রিমান্ড আবেদন জানানো হয়েছিলো।

ভাগ