স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার শরিফুল ইসলাম জিতুকে (২৮) ডাকাতি প্রস্তুতির একটি মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার দুপুরে ডিবি পুলিশ তাকে কলেজছাত্র সোহানুর রহমান সোহাগ হত্যাকান্ডে জড়িত সন্দেহে আটক করেছিলো।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, আটকের পর জিতুকে কলেজছাত্র সোহাগ খুনের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এ বিষয়ে সে মুখ খোলেনি। এর আগে আটক মামলার এজাহারভুক্ত আসামিরা খুনের সাথে তার সংশ্লিষ্টতার কথা অবশ্য বলেনি। এছাড়া বাদীও তার জড়িত থাকার বিষয়ে মত প্রকাশ করেননি। এ কারণে আটক জিতুকে পরে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। এদিকে কোতয়ালি থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানান, জিতুকে ডাকাতি প্রস্তুতির একটি মামলায় আটক দেখিয়ে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে একদল ডাকাত শহরের স্টেডিয়াম এলাকায় ডাকাতির প্রস্তুতির ওই ঘটনায় ৬ জন আটক হয়েছিলো। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই হায়াৎ মাহমুদ জানান, জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ ৮টি মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতির মামলায় আদালতে তার ৫ দিনের রিমান্ডের আবেদন জানাবেন।





