ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা করা হচ্ছে। তবে বকেয়া টাকা না ওঠায় হতাশ হয়েছেন ব্যবসায়ীরা। ধান বিক্রি করে লোকসান হওয়ায় দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না বলে কৃষকরা দাবি করছেন।
মনোহরপুর গ্রামের আশিকুর রহমান জানান, ৬০০ টাকা মণ দরে লোকসানে ধান বিক্রি করে দোকানের হালখাতার টাকা দিতে পারছেন না। বাজারের আব্দুল মজিদ, গৌতম, নিতাই, রাশেদ, মফিজুর, সালামসহ অনেক ব্যবসায়ী জানিয়েছেন তাদের দোকানের বিভিন্ন মালামাল ও পণ্য বাকিতে বিক্রি করে হালখাতা করেছেন। কিন্তু পাওনাদাররা তিন ভাগের এক ভাগ টাকাও পরিশোধ করেনি। কলেজ পাড়ার আসলাম ও হানুয়ার গ্রামের টগর জানিয়েছেন, আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকা ও বুলবুলের আঘাতে ধান উৎপাদন কম হয়েছে অপরদিকে বিক্রি হচ্ছে পানির দামে। যা বিঘা প্রতি ৪/৫ হাজার টাকা লোকসান হয়েছে। মনিরামপুর কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত আমন মৌসুমে এ উপজেলায় ল্যমাত্রা ধরা হয়েছিল ২২ হাজার ৩০০ হেক্টর জমি। চাষ হয়েছিল ২২ হাজার ২৫০ হেক্টর জমিতে। তার মধ্যে উফশী ও আঞ্চলিক জাতের বিভিন্ন ধান চাষ হয়েছিল।




