স্টাফ রিপোর্টার ॥ সারাদশের ন্যায় গতকাল যশোর জেলায় পালিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শিশুদের মৃত্যুর হার কমানো, অন্ধত্ব প্রতিরোধ ও সুস্থ সবল শিশু গড়ে তোলার লক্ষ্য নিয়ে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি পালন করে যশোর জেলা স্বাস্থ্য বিভাগ।
সকালে উপশহর শিশু হাসপাতালে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে শিশুদের একটি করে ‘নীল’ ও ‘লাল’ রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শাক-সবজিসহ সুষম খাবার থেকে ভিটামিন-এ পাওয়া যায়। আর তাই শিশুদের বয়স ৬ মাসের পর থেকে বুকের দুধের পাশাপাশি সুষম খাবার খাওয়ালে পুষ্টির অভাব অনেকটা দুর হয়ে যায়। সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইসিটি বিষয়ক কর্মকর্তা মো. রবিউল ইসলাম যশোর সদর উপজেলা স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, ডা. প্রকাশ কুমার, ডা. সৈয়দ নুর-ই-হামীম, ইলিয়াস আহমেদ, সিভিল সার্জন অফিসের এমওডিএইচ ডা. মাশহুরুল হক, জেলা স্যানিটারি কর্মকর্তা শিশির কান্তি পাল প্রমুখ। যশোরের সকল পৌরসভা ও উপজেলার গ্রামে গ্রামে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে ‘নীল’ ২১ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে ‘লাল’ রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল সন্ধ্যায় সিভিল সার্জন ডা. দিলীপ কুমার বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেনি। এমনকি অভিযোগও ওঠেনি।





