লোকসমাজ ডেস্ক ॥ প্রথমে ঝড় তুললেও সেঞ্চুরি পাননি মুমিনুল হক। তবে নাজমুল হোসেন শান্তকে সেই হতাশায় পুড়তে হয়নি। দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জয় এনে দিয়েছেন বাঁহাতি ওপেনার। ‘হাই স্কোরিং’ ম্যাচে ঢাকা প্লাটুনকে ৮ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষস্থান নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। সোমবার প্রথম কোয়ালিফায়ারে খুলনার প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। সেদিনই এলিমিনেটর ম্যাচে ঢাকা খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০৬ রানের বিশাল লক্ষ্যে নামা খুলনার জয়ের ভিত গড়ে দিয়েছে শান্ত আর মেহেদী হাসান মিরাজের ৪১ বলে ৭০ রানের উদ্বোধনী জুটি। মিরাজ ২৫ বলে ৪৫ করে ফিরে এলেও শান্ত থামেননি। এবারের বিপিএলে প্রথম বাংলাদেশি এবং সব মিলিয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন সেঞ্চুরি। ৫৭ বলে অপরাজিত ১১৫ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৮টি চার। এই টুর্নামেন্টে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। শান্ত আর অধিনায়ক মুশফিকুর রহিম (অপরাজিত ১৮) ১১ বল হাতে রেখে জয় এনে দিয়েছেন দলকে। এর আগে মুমিনুল আর মেহেদী হাসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঢাকা পেয়েছে ৪ উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ। চতুর্থ উইকেটে মাত্র ৮০ বলে ১৫৩ রানের জুটি গড়েছেন দুজনে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল ৫৯ বলে ৯১ করে ফিরে এলেও মেহেদী ৩৬ বলে ৬৮ করে অপরাজিত ছিলেন। কিন্তু তাদের এমন ব্যাটিং কাজে আসেনি ঢাকা প্লাটুনের।





