ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আদালতের কর্মচারী নিহত

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া ইটভাটার কাছে শনিবার দুপুরে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত উজ্জল হোসেন (৩১) ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর। তিনি হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দীন মহুরীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, উজ্জল হোসেন শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে মেটরসাইকেলে গ্রাম থেকে শহরে ফিরছিলেন। ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের পাগলাকানাই ইউনিয়নের গিলাবাড়িয়া কিংশুক ইটভাটার কাছে পৌছলে একটি মাইক্রোবাসের সাথে তার মেটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতর বাবা আশির উদ্দীন মহুরী জানান, তিন মাস আগে উজ্জল বিয়ে করেন। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জনতা মাইক্রোবাসটি আটক করে পুলিশে দিয়েছে। এদিকে কম্পিউটার অপারেটর উজ্জল হোসেনের মৃত্যুতে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহের সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুম।

ভাগ