আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনের বিমান ভূপাতিত করার কথা স্বীকার ইরানের
লোকসমাজ ডেস্ক ॥ ‘অজান্তে’ ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করা হয়েছে বলে স্বীকার করে নিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডর্সের কাছে স্পর্শকাতর একটি এলাকা দিয়ে বিমানটি উড়ে যাওয়ার সময় ‘মানবীয় ভুলের’ কারণে এটা করা হয়। এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করা হবে বলেও কথা দিয়েছে দেশটি। ইরানের ভুলের বিষয়টি শুরু থেকে প্রচার করতে থাকে আমেরিকা। কিন্তু দেশটি স্বীকার করছিল না। এক পর্যায়ে মার্কিন এবং কানাডার গোয়েন্দারা বিভিন্ন তথ্য হাজির করলে বিপাকে পড়ে যায় তারা। গত বুধবার ইউক্রেনীয় বোয়িং ৭৩৭-৮০০ তেহরানের বিমানবন্দর ছেড়ে যাওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়, এতে ১৭৬ জন যাত্রীর সবাই নিহত হন। ইরাকে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানির হত্যার বদলা নিতে মুখিয়ে আছে ইরান। এর ভেতর ওই বিমান বিধ্বস্ত হয়। তেহরানে অবস্থিত ইউক্রেন দূতাবাস প্রথম দাবি করে, বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাবার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এর সাথে ‘সন্ত্রাসী’ কাজের কোনো সম্পর্ক নেই।

পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলে নিতে ‘প্রস্তুত’ ভারত
লোকসমাজ ডেস্ক ॥ পার্লামেন্ট চাইলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলে নিতে প্রস্তুত আছে সেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সংবাদ প্রতিদিন জানায়, শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে এমনটা বলেন তিনি। জেনারেল এম এম নারাভানে বলেন, ‘ভারতীয় সেনাসদস্যরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালানোর জন্য সব রকমভাবে তৈরি রয়েছে। পার্লামেন্ট চাইলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেব আমরা। তারপর থেকে তা ভারতের অধীনেই থাকবে।’ তিনি বলেন, ‘এই বিষয়ে পার্লামেন্টে আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, জম্মু ও কাশ্মীরের পুরো অংশই ভারতের অন্তর্ভুক্ত। সেখানে আছে পাকিস্তানের দখল করে নেয়া অংশও।’ নতুন বছরের শুরুতেও একই ধরনের মনোভাব প্রকাশ করেছিলেন ভারতের সেনাপ্রধান। শনিবার ফের সেই কথার পুনরাবৃত্তি করলেন তিনি।

যুদ্ধ থামিয়েছি আমি, নোবেল পেলেন আরেকজন : ট্রাম্প
লোকসমাজ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত বছর নোবেল শান্তি পুরস্কার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। বিবিসি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডোতে এক প্রচারণা অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি একটি দেশকে রক্ষা করেছি। আর এখন শুনছি, ওই দেশের প্রধানই কি না নিজ দেশকে রক্ষা করার জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন। যতদূর আমরা জানি, আমি একটি বড় যুদ্ধ থামিয়েছি, বেশ কয়েকটিই থামিয়েছি।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়ে পড়ে। যদিও বক্তব্যে ট্রাম্প কোনো ব্যক্তি বা দেশের নাম উল্লেখ করেননি। তবে ধারণা করা হচ্ছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদকে উদ্দেশ করেই এসব কথা বলেন তিনি। ২০১৯ সালে শান্তিতে নোবেল পান আবি আহমেদ। ইরিত্রিয়ার সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে দুই দশকের দীর্ঘ সীমান্ত যুদ্ধ নিরসনে ভূমিকা রাখা তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

ভাগ