লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া পিএইচডি ডিগ্রির মান নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (বাগ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন তোলেন।
মন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বছর ২৬৫ জনকে পিএইচডি ডিগ্রি দিয়েছে। অনেক সামরিক অফিসাররাও পিএইচডি ডিগ্রি নিচ্ছেন। এত পিএইচডি কীভাবে হয়? অথচ কঠিন বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ে কেউ পিএইচডি করে না। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশের পিএইচডি কেন আন্তর্জাতিক মানের হবে না? এরপর থেকে আন্তর্জাতিক মানের পিএইচডি না হলে আমরা চিন্তা ভাবনা করবো। তিনি কৃষি অর্থনীতিবিদদের লেখালেখি করার আহ্বান জানান। এ ছাড়া কৃষি পণ্যের বাজার তৈরির জন্য নিত্যনতুন পণ্য উদ্ভাবনের আহ্বান জানান। বাগ সভাপতি কাজি এম বদরুদ্দোজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।





