স্টাফ রিপোর্টার ॥ কমিউনিস্ট নেতা আব্দুল মতিন মূনিরের ১৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তরা বলেছেন, চলমান শোষণমূলক সমাজে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য কমিউনিস্ট নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। এদেশের শ্রমজীবী মানুষের মুক্তির স্বার্থে বহুধাবিভক্ত কমিউনিস্টদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা করতে পারলেই আব্দুল মতির মূনিরের মতো আজীবন বিপ্লবীদের প্রকৃত সম্মান করা হবে। তাদের স্বপ্ন পূরণ হবে। শুক্রবার প্রেসকাব যশোর মিলনায়াতনে ‘ফ্যাসিবাদী দুঃশাসন ও বাম গণতান্ত্রিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক তসলিম উর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নাননু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) ইকবাল কবির জাহিদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সদস্য মনোয়ারা সিদ্দিকী ছবি, বিপ্লবী ছাত্রী মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন, সিপিবি যশোরের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সদস্য কামাল হাসান পলাশ, জেলা কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি আলতাফ চাকলাদার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পিল্টু, বিপ্লবী ছাত্র মৈত্রীর যশোরের সভাপতি কৌশিক রায় প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশের কৃষক ক্ষেতমজুর সমিতির যশোরের সাংগঠনিক সম্পাদক পলাশ বিশ্বাস। এর আগে সকালে আব্দুল মতিন মূনিরের ১৮তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিস্থলে পুস্পার্ঘ অর্পণ করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা।





