কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানটি মিলন মেলয় পরিণত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। প্রাক্তন ছাত্র মাসুদ করিমের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম,মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাবেক শিক্ষক লিয়াকত আলী, গোলাম রব্বনী প্রমুখ। এর পর একটি বণার্ঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বর্তমানে বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়। এছাড়াও দুই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রত্যেক ব্যাচের স্মৃতিময় বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠান শেষ হবে আজ শনিবার সন্ধ্যায়। এবারের পুনর্মিলনীতে ১৯৮১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অন্তত দেড় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।



