বাগেরহাটের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের ইন্তিকাল

বাগেরহাট ও শরণখোলা সংবাদদাতা ॥ বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ডা. মোজাম্মেল হোসেন ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
এদিন বাদ জুমা বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ডা. মোজাম্মেল হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বর্ষিয়ান এই রাজনীতিকের জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন। এর আগে দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তার মরদেহ ওই স্টেডিয়ামে আনা হয়। পরে রেলরোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে নেয়া হয় তার মরদেহ। সেখানে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ, বাগেরহাট পৌর আওয়ামী লীগ, জেলা যুব লীগসহ বাগেরহাট জেলা ও সকল উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জানান। পরে নামাজে জানাজার জন্য মরদেহ পুনরায় নেয়া হয় শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে। সেখানে বাগেরহাট জেলা প্রশাসনের প থেকে মুক্তিযোদ্ধা ডা. মো. মোজাম্মেল হোসেনের কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. ফায়েকুজ্জামান, সাবেক সংসদ সদস্য অ্যাড. মীর শওকত আলী বাদশা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, মরহুম ডা. মোজাম্মেল হোসেনের ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মাহমুদ হোসেনসহ দলীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে ডা. মো. মোজাম্মেল হোসেনের মরদেহ নিয়ে মোরেলগঞ্জ এসএম কলেজ মাঠের উদ্দেশ্যে রওনা দেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। পরে সর্বশেষ নামাজে জানাজা ও দাফনের জন্য তার মরদেহ নেয়া হয় কচুবুনিয়া গ্রামে। উল্লেখ্য, ডা. মো. মোজাম্মেল হোসেন ১৯৮৪ সাল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাগেরহাট-১ এবং বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি ।

ভাগ