স্টাফ রিপোর্টার ॥ যশোরে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ পৌনে ৩ লাখ টাকাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। চাঁচড়া চেকপোস্ট থেকে বুধবার বিকেলে তাদের আটক করা হয়। সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর তুষার মন্ডল জানান, বিকেল চারটার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া চেকপোস্টে অবস্থান করছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি বাস থেকে দুজন মাদক ব্যবসায়ী নামলে সাথে সাথে তাদের আটক করা হয়। এরা হচ্ছেন, বেনাপোলের রবিউল ইসলাম ও শার্শার সিরাজুল ইসলাম। পরে তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়। তুষার মন্ডল আরো জানান, ওই দুই ব্যক্তি যশোরে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য ইয়াবার চালান নিয়ে এসেছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





