কালীগঞ্জ (ঝিনাইদহ) অফিস ॥ ২৩টির অধিক মাদক মামলার আসামি ও কালীগঞ্জ শহরের সেই আলোচিত মাদক ব্যবসায়ী লাভলী বেগম (৪৩) কে আবারও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকা হতে তাকে আটক করা হয়। আটক লাভলী শহরের আড়পাড়ার বদর লস্করের মেয়ে ও নাসির উদ্দীনের স্ত্রী। কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, কালীগঞ্জ শহরের আড়পাড়ায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম আড়পাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লাভলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





