খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ আধুনিক প্রযুক্তির যুগে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। দিনদিন এর ব্যবহারও কমে যাচ্ছে। বাঙালির হারানো ঐহিত্যকে ধরে রাখতে এবং বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করতে যশোরের খাজুরার মাঝিয়ালিতে বুধবার অনুষ্ঠিত হয়েছে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। স্থানীয় যুব সংঘের আয়োজনে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট আটটি গাড়ি এ প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যতিক্রমধর্মী গরুর গাড়ির দৌড় দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমে। এ উপলে বসে গ্রামীণ মেলা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী যশোরের বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগরের মফিজ মিয়া জানান, গরুর গাড়ির দৌড়ে অংশ নিতে তার দুটি গরুকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন। দ্রুতগতির জন্য তার গরু দুটির নাম দিয়েছেন রকেট। প্রতিযোগিতা শেষে ওসমান আলী বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জহুরপুর ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দীলু পাটোয়ারি। বিশেষ অতিথি ছিলেন খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জুম্মান খান ও সহকারী ইনচার্জ এএসআই হযরত আলী।




