যশোরে দুটি ফার্মেসি মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের দুটি ফার্মেসিতে বুধবার অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই দুটি ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে। এছাড়া একটি খাবার হোটেল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পেশকার শেখ জালাল উদ্দীন জানান, বেলা ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের নীলগঞ্জের অন্তরা ফার্মেসিতে অভিযান চালান। এ সময় ওই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে আদালত মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ জব্দ এবং মালিক তাপস সাহার বিরুদ্ধে মামলা দিয়ে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেন। একই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আঞ্জুমান সুলতানার নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত নীলগঞ্জের একটি খাবারে হোটেলে অভিযান চালান। এ সময় হোটেলে নোংরা পরিবেশ দেখতে পাওয়া যায়। এ কারণে আদালত হোটেল মালিক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে ৫শ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া বিকেল চারটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের আনোয়ারা ফার্মাতে অভিযান চালান। আদালত এ সময় ওই ফার্মেসি থেকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেন। পাশাপাশি ফার্মেসি মালিক শামিমুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ড্রাগ সুপার রেহান আহমেদ উপস্থিত ছিলেন।

ভাগ