খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন তাবিথ-ইশরাক

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে দলটির ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দুই মেয়র প্রার্থী কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দেন উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দলের দুই মেয়র প্রার্থী কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। তারা খুব শিগগিরই ম্যাডামের সঙ্গে দেখা করতে চাচ্ছেন। আশা করছি, কারা কর্তৃপক্ষ তাদের অনুমতি দেবেন।” রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে সাক্ষাৎ শেষে জানান তার বোন সেলিমা ইসলাম।

ভাগ