পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় আলমশাহী ইনস্টিটিউটে বই উৎসবের ৮ দিন চলে গেলেও অর্থ আদায়ের কারণে প্রায় অর্ধেক শিক্ষার্থী বই হাতে পায়নি। এ ব্যাপারে ক্ষুব্ধ অভিভাবকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে করা আবেদনের তদন্ত সম্পন্ন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
লিখিত অভিযোগ ও অভিভাবকদের মাধ্যমে জানা গেছে, উপজেলার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মধুসূদন সরকার ও সভাপতি কামরুল গাইন যোগসাজস করে বই দিবসে ছাত্রপ্রতি ৩ শ টাকা করে আদায় করেন। টাকা দিতে না পারায় বই না পেয়ে অনেক শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ওইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিভাবকরা প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন জানান, তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তকালে যা পাওয়া গেছে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। যার প্রতিবেদন ২/১ দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রেরণ করা হবে। অভিভাবক তরিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজস করে বই দিবসে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করায় শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক মধুসূদন সরকার বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে সেশনচার্জ হিসেবে ৩ শ টাকা করে আদায় করা হয়েছে। ইতোমধ্যে ৭০% বই বিতরণ সম্পন্ন হয়েছে। বাকিদের সংবাদ দিয়ে বিতরণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে আন্দোলনের কথা জানিয়েছেন গড়ইখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু।




