ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু জাকিয়ার বাড়িতে শোকের মাতম # অনিন্দ্য ইসলাম অমিতের শোক

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ ফরিদপুরে সোমবার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে নিহত নড়াইলের দুজনের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতরা হলেন-নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোল্যা আকিদুল ইসলামের মেয়ে লোহাগড়া সরকারি পাইলট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী তাকিয়া সুলতানা (১৩) ও সদর উপজেলার বুড়িখালি গ্রামের রতনের ছেলে মাইক্রোবাস চালক নাহিদ। সোমবার সকাল সাতটায় ফরিদপুরের করিমপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বিকেলে নিহত তাকিয়া সুলতানার লাশ গ্রামের বাড়ি লোহাগড়ার পোদ্দারপাড়া-জয়পুরে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এসময় অনেকের অশ্র“ বাঁধ মানেনি। গোটা গ্রাম জুড়ে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। তাকিয়াকে শেষবারের মতো এক নজর দেখার জন্য বাড়িতে বহু মানুষের ভিড় হয়। লোহাগড়া সরকারি পাইলট স্কুলের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়। অপরদিকে বুড়িখালি এলাকার মামুন জানান, মাইক্রোবাস চালক নাহিদের দাফন সম্পন্ন হয়েছে নিজ গ্রামে। নিহত তাকিয়ার পিতা মোল্যা আকিদুল ইসলাম জানান, তাকিয়া গত সপ্তাহে ফরিদপুরে তার খালার বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখান থেকে আত্মীয়-স্বজন মিলে ৫ জন পারিবারিক ভ্রমণে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে তারা দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে তাকিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভাগ