স্পোর্টস রিপোর্টার ॥ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের খেলা। গতকাল মঙ্গলবার যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে সমাপনী দিনের খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সকল ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার। এছাড়াও অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সদর উপজেলা শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, জিলা স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম প্রমুখ। উল্লেখ্য, প্রতিযোগিতার শেষ দিনে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রত্যেক ইভেন্টের প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীরা খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবে। এছাড়া দলগত ইভেন্টের কেবলমাত্র চ্যাম্পিয়ন দল বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।





