স্টাফ রিপোর্টার ॥ অজ্ঞান পার্টির কবলে পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্র ল্যাপটপ ও মোবাইল ফোনসহ সর্বস্ব খুঁইয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা থেকে বাসযোগে যশোরে আসার পথে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির কবলে পড়া সৌমিক তানভীর খান (২৫) জানিয়েছেন, রোববার রাতে ঢাকা থেকে বাসযোগে তিনি যশোর আসছিলেন। সাভার নিউমার্কেট থেকে যাত্রীবেশী এক দুর্বৃত্ত বাসে উঠে তার পাশের সিটে বসে এবং পরোটা ও ডিম খওয়ানোর জন্যে বারবার অনুরোধ জানায়। এক পর্যায়ে পরোটা খাওয়ার পর সৌমিক তানভীর অজ্ঞান হয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা তার কাছ থেকে ১টি ল্যাপটপ, মূল্যবান ১টি মোবাইল ফোনসহ প্রয়োজনীয় মালামাল ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে বাসের চালক যশোর উপশহরস্থ খাজুরা বাসস্ট্যান্ডে নামিয়ে দিলে লোকজন তাকে উদ্ধার করার পর সোমবার সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেন। সৌমিক তানভীর যশোরের মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের সোহরাব হোসেন খানের পুত্র। শহরের টিবি কিনিক মোড়ে একটি বাসায় তারা ভাড়া থাকেন। সৌমিক তানভীর ঢাকা বসুন্ধরাস্থ এআইইউবি বিশ্ববিদ্যালয়ের বিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এর ফাইনাল ইয়ারের ছাত্র।





