স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহরে গত সোমবার বিকেলে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে গিয়ে প্রহৃত হয়েছেন হাউজিং এস্টেটের কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছেন, উপশহর ৭ নম্বর সেক্টর এলাকার হারুন অর রশিদ এবং তার দুই ছেলে হাসান (৩৫) ও এমদাদ (২৫)। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলাও হয়েছে। মঙ্গলবার ওই ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
হাউজিং এস্টেটের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম রেজার অভিযোগ, নতুন উপশহরের ৭ নম্বর সেক্টরের এ/১ প্লটের সামনে ও পাশ দিয়ে সরকারি জায়গায় পাকা ড্রেন নির্মাণ করা হচ্ছে। কিন্তু গত ২২ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই এলাকার হারুন অর রশিদ এবং তার দুই ছেলে কাজ বন্ধ করে লেবারদের তাড়িয়ে দেন। পরে তারা সরকারি জায়গা দখল করে নেন। এ ঘটনার পর গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি (উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম রেজা) এবং উপ-বিভাগীয় প্রকৌশলী ও প্রশানিক কর্মকর্তাসহ অফিসের উর্দ্ধতন কর্মকর্তরা সেখানে গিয়ে তাদেরকে (আসামিদের) সরকারি জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় হারুন অর রশিদের হুকুমে তার ছেলে হাসান ও এমদাদ তাদেরকে মারধর, গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এদিকে পুলিশ জানায়, ওই ঘটনায় সোমবার রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম রেজা। মামলার প্রেক্ষিতে পুলিশ উল্লিখিত ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।





