লোকসমাজ ডেস্ক ॥ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মঞ্জু মনোয়ারাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে নব নিযুক্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার জারি করেছে মন্ত্রণালয়। জানা গেছে, অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মিজ মঞ্জু ক’বছর আগে জাপানে কর্মরত অবস্থায় তার এক সহকর্মীর বিরুদ্ধে ‘যৌন হয়রানী’র অভিযোগ করেছিলেন। পরবর্তীতে তাকে মুম্বই মিশনে পদায়ন করা হলে সেখানেও তিনি হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। উদ্ভূত পরিস্থিতিতে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।
হেড কোয়ার্টারেও তিনি ক্রমাগত নির্যাতনের শিকার বলে গণমাধ্যমে সিরিজ রিপোর্ট হয় এবং একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার প্রকাশ হয় ভুক্তভোগী ওই কর্মকর্তার। মঞ্জুর অভিযোগ বিষয়ে দীর্ঘ সময় ধরে তদন্ত করে মন্ত্রণালয়। পরে যৌন হয়রানি বিষয়ক কমিটিও এ নিয়ে তদন্ত করে। বলাবলি আছে ওই অভিযোগের জেরে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের করা পাল্টা বিভাগীয় মামলায় ‘অসদাচরণ’ প্রমাণিত হওয়ায় ওই গুরুদণ্ড অর্থাৎ চাকরি থেকে অব্যাহতির আদেশ জারি হয়েছে। প্রজ্ঞাপনে মঞ্জুর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার প্রেক্ষাপট হিসাবে যে অভিযোগগুলো জমা হয়েছিল তার উল্লেখ রয়েছে। বলা হয়- সিনিয়র সহকারী সচিব মঞ্জু মানোয়ারা (পরিচিতি নম্বর ০২৩৫)-এর কর্মস্থলে নানাবিধ অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, সরকারি চাকরীর শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড, উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি উদ্ধত অচরণ এবং অন্যান্য সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারির প্রতি ক্রমাগত দুর্ব্যবহার প্রভৃতি চরম অসহনীয় পর্যায়ে পৌঁছায়। উপরন্তু টোকিও এবং পরবর্তীতে মুম্বাই মিশনে থাকাকালীন মিশন সমুহের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেন তিনি। কিন্তু জারি করা প্রজ্ঞাপন বিশেষত: রায়ের অংশে ‘অসদাচরণ’ এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার উল্লেখ থাকলে অন্য অভিযোগগুলোর বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রতিকার পেতে মঞ্জু মানোয়ারা হাইকোর্টে রিট আবেদন করেন। রোববার রিটের প্রাথমিক শুনানি হয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে। ভিকটিমের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে পররাষ্ট্র মন্ত্রনালয় (আগে) যে তদন্ত করেছিল সেই রিপোর্ট আগামী ৩০ কর্মদিবসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেন বলে জানান রিট পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কাছে প্রতিকার চেয়ে গত বছরের এপ্রিলে লিখিত অভিযোগ করেছিলেন মঞ্জু। এরপর বিষয়টি তদন্ত হয়। আইনজীবি জানান, রিটের বিষয়ে আদালতের নির্দেশনা জারির দুই-তিন ঘন্টার মধ্যেই রিটকারী জ্যেষ্ঠ সহকারী সচিবকে চাকরীচ্যুত করা হয়। মঙ্গলবার তার চাকরিচ্যুতির বিষয়টি আদালতের নজরে আনা হবে বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি এ-ও জানান, জাপানের টোকিও এবং ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালনের সময় শারিরিক ও মানসিক নির্যাতনের শিকার হন রিট আবেদনকারী। পরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।





