পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৌখালী ইউনাইটেড একাডেমীর অষ্টম শ্রেণীর ছাত্র মেহরাব মোল্লা (১৪) নিহত হয়েছে। সে মৌখালীর মজিদ মোল্লার ছেলে। এ সময় তার সাথে থাকা নিহতের চাচাতো ভাই ও একই শ্রেণীর ছাত্র রাহাত গুরুতর আহত হয়। রোববার সন্ধ্যায় তারা সাইকেল চালিয়ে যাওয়ার সময় মৌখালী জামে মসজিদের সামনে পৌছালে রাস্তার উপর থাকা ধানের বিচালীতে বেঁধে পড়ে যায়। এ সময় সামনে দিক থেকে দ্রুতগামী ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলে মেহরাব নিহত হয় ও রাহাত গুরুতর আহত হয়। পুলিশ নিহতের লাশ সুরত হাল রিপোর্ট শেষে পরিবারের নিকট হস্তান্তর করে। জোহরবাদ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। গুরুতর আহত রাহাতকে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনায় প্রেরণ করে। ওসি এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





