স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর কালীতলা থেকে ছিনতাই করা মোবাইল ফোন সেটসহ আটক এক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি, মোবাইল ফোনটি পড়ে পেয়েছিলো এক যুবক। সেটি ফেরত দেয়া হয়েছে। এ নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। একটি সূত্র জানায়, অপ্পো ব্র্যান্ডের ওই মোবাইল ফোন সেটের মালিক বেজপাড়া পূজারমাঠ এলাকার এক যুবক। গত শনিবার রাত সাড়ে দশটার দিকে শংকরপুর কালীতলায় গেলে তার কাছ থেকে মোবাইল ফোন সেটটি কেড়ে নেয় চাঁচড়া রায়পাড়ার সজিব নামে আরেক যুবক। সে ষষ্ঠীতলা এলাকার একটি সন্ত্রাসী গ্র“পের সদস্য। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন সজিবকে ধরে চাঁচড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। কিন্তু ফাঁড়ি পুলিশের এসআই আ ফ ম মনিরুজ্জামান মোবাইল ফোন সেটটি রেখে দেন এবং সজিবের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে তাকে ছেড়ে দেন। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে যোগাযোগ করা হলে এসআই আ ফ ম মনিরুজ্জামান বলেন, ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। মূলত বেজপাড়ার ওই যুবক ৪-৫ জন বন্ধুর সাথে কালীতলা দিয়ে যাবার সময় তার কাছে থাকা মোবাইল ফোন সেটটি পড়ে যায়। পরে সেই মোবাইল ফোনটি পড়ে পায় সজিব। বিষয়টি স্থানীয় মুরব্বীরা টের পেয়ে মোবাইল ফোন সেটসহ সজিবকে ফাঁড়িতে নিয়ে গিয়েছিলেন। খবর পেয়ে বেজপাড়ার ওই যুবকের বাবাও ফাঁড়িতে যান। সকলের কাছ থেকে সবিস্তর ঘটনা শোনার পর পড়ে পাওয়া ফোন সেটটি বেজপাড়ার যুবকের বাবার কাছে দিয়ে দেন। তিনি আরও বলেন, মোবাইল ফোন ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। তবে স্থানীয় দুটি গ্র“পের বিরোধের জের ধরে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অপরদিকে চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ পুলিশের ইনচার্জ ইনসপেক্টর শাজাহান আহম্মেদ বলেন, মোবাইল ফোন সেটটি ছিনতাই নয়, পড়ে গিয়েছিল। ভুক্তভোগী কোন অভিযোগ না করায় তাকে (সজিবকে) ছেড়ে দেয়া হয়েছে।




