স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার আব্দুর রহমান খুনের দুই সপ্তাহ পার হলেও আসামিদের কাউকে পুলিশ আটক করতে পারেনি। তাছাড়া পুলিশ আটকে তেমন তৎপর নয় বলেও অভিযোগ নিহতের স্বজনদের। অপরদিকে আসামিদের স্বজনেরা নিহত আব্দুর রহমানের পরিবারের লোকজনকে হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২১ ডিসেম্বর সকালে প্রকাশ্যে মোল্লাপাড়া আমতলা টাওয়ার মোড়ে প্রতিপক্ষের হাতে খুন হন কসমেটিকস ব্যবসায়ী আব্দুর রহমান (৪৭)। তিনি একই এলাকার মরহুম হাবিবুর রহমানের ছেলে। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা খাতুন পরদিন ২২ ডিসেম্বর এলাকার কুখ্যাত মেটো কুদ্দুসসহ ৮ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। অপর আসামিরা হচ্ছেন-ফারুক হোসেন, বাদল হোসেন, আকরাম হোসেন, নুর আলম, শাহ আলম, সাহেব আলী ও আহাদ আলী। কিন্তু আব্দুর রহমান খুনের দু সপ্তাহেরও বেশিদিন পার হলেও আসামিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। আসামিদের আটকে পুুলিশের জোরালো পদক্ষেপও নেই বলে অভিযোগ স্বজনদের।
নিহতের স্ত্রী নিলুফা খাতুন এ বিষয়ে বলেন, তার স্বামীর খুনিরা বর্তমানে আলমডাঙ্গা ও ঢাকায় লুকিয়ে রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। কিন্তু পুলিশ তাদের কাউকে এখনো আটক করতে পারেনি। এ বিষয়ে তাদের তেমন কোন তৎপরতা নেই। তবে গত শনিবার রাতে পুলিশ মোল্লাপাড়ায় আসামিদের বাড়িতে গিয়েছিলো খোঁজ করতে। কিন্তু পুলিশ যাওয়ার কারণে আসামি ফারুকের মা আলেয়া খাতুন, স্ত্রী সালেহা খাতুন ও মেটো কুদ্দুসের স্ত্রী শাহানাজ তাদের হুমকি দিচ্ছেন। তাদের বাড়িঘর ভেঙে ফেলার হুমকি দিয়েছেন তারা। ফলে তারা আতঙ্কে রয়েছেন। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর তুষার মন্ডল বলেন, আসামিরা এখনো ধরা পড়েনি। তবে তাদের আটকের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।





