স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে মোটরসাইকেল ছিনতাইকারী অভিযোগে গণপিটুনিতে মামুন রশীদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী বাজারে এ ঘটনা ঘটে। গতকাল রোববার লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত মামুন উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা গ্রামের সুবহান বিশ্বাসের ছেলে। পরিবারের দাবি সে নির্মাণ শ্রমিকের কাজ করতো। মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি গ্রামের মৃত মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে মোটরসাইকেলের চালক বিদ্যুৎ মন্ডল জানান, শনিবার রাতে মনিরামপুর বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে অভয়নগরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে অভয়নগরের সুন্দলী বাজার এলাকায় পৌঁছালে ওই তিন যাত্রী মোটরসাইকেল থামাতে বলেন। মোটরসাইকেল থামানোর পর তিন যাত্রীর একজন অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল রেখে চলে যেতে বলেন। এসময় তিনি চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে এবং একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিতে থাকে। এসময় অপর দুইজন পালিয়ে যায়। সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল জানান, মোটরসাইকেল ছিনতাইকালে একজন ছিনতাইকারী গলপিটুনিতে মারা গেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে গেছে। নিহতের স্ত্রী নাসরিন বলেন, তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। প্রায় এক বছর হয় তাদের বিয়ে হয়েছে। উভয়ের পরিবারের সাথে বনিবনা না হওয়ায় তারা উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামী ছিনতাইকারী নয়। তাকে হত্যা করা হয়েছে। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে মামুন রশীদ নামের এক যুবকের মৃত হয়েছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





