সোলেইমানির মৃতদেহ ইরানে, লাখও মানুষের শোক মিছিল

লোকসমাজ ডেস্ক ॥ ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলেইমানির মৃতদেহ ইরানে নিয়ে আসা হয়েছে। শুক্রবার ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হামলা চালানো হয়। রবিবার সকালে আহভাজ শহরে সোলেইমানির মৃতদেহ পৌঁছানোর আগেই লাখ লাখ মানুষ জমায়েত হয়। তারা ‘যুক্তরাষ্ট্রের ধ্বংস’ চেয়ে স্লোগান দেয়। সেখানে জানাজা শেষে মানুষ সোলেইমানির প্রতি শোক প্রকাশ করে। শহরের অনেকগুলো রাস্তাজুড়ে মিছিল চলে। তাদের অনেকের হাতে ছিল সোলেইমানি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। আগামী কয়েকদিন ধরে তার প্রতি শোক জানাবে ইরানের সর্বস্তরের জনতা। মঙ্গলবার নিজ শহর কেরমানে সোলেইমানিকে দাফন করা হবে। শনিবার ইরাকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও লাখও মানুষ অংশ নেয়। বাগদাদে শোক মিছিলে অংশ নেয়া মানুষ ইরাকি এবং মিলিশিয়া বাহিনীর পতাকা বহন করে। তারা ‘আমেরিকার মৃত্যু চাই’ বলে স্লোগান দেয়।বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ওই হামলায় জেনারেল সোলেইমানিসহ নিহত হন আরও ছয়জন। নিহতদের মধ্যে রয়েছেন ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও। সোলেইমানিকে হত্যার ঘটনায় আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধের’ ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে সকল মার্কিন নাগরিককে ইরাক ত্যাগ করার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এদিকে ডোনাল্ড ট্রাম্প পালটা হুঁশিয়ারি দেন যে, যুক্তরাষ্ট্রের কিছু হলে ইরানের ৫২টি স্থাপনায় হামলা চালানো হবে।

ভাগ