খুলনা ব্যুরো ॥ খুলনায় অজ্ঞাত দুর্বৃত্তের লাঠির আঘাতে কালি রাণী সেন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে খুলনা মহানগরীর খালিশপুরের নেভিগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি ওই এলাকার মৃত সনাতন সেনের স্ত্রী।স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় কালি রাণী ছাড়া বাসায় কেউ ছিলেন না। বৃদ্ধার পুত্রবধূ তার দু সন্তানকে নিয়ে স্থানীয় চরেরহাটে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছিলেন। তার বড় ছেলে রাজধানী ঢাকা, মেঝো ছেলে বাগেরহাট ও ছোট ছেলে দিল্লিতে থাকেন। খালিশপুর থানা পুলিশের ওসি (তদন্ত) সাবিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা কালি রাণীকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





