মনিরামপুরে স্ত্রীর শরীরে গরম ভাত ঢেলে দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে ট্রাকচালক স্বামী ইলিয়াস হোসেন গরম ভাত ঢেলে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হবার পর থেকে গৃহবধূ ও তার দুই মেয়ে নিখোঁজ রয়েছেন। তবে স্বামী ইলিয়াস হোসেনের দাবি স্ত্রী পারভীনাকে তিনি এক কবিরাজের কাছে গোপনে চিকিৎসা করাচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার হালসা গ্রামের মৃত আবদুল করিমের ছেলে ট্রাকচালক ইলিয়াসের সাথে বিয়ে হয় ১০ বছর আগে সাতক্ষীরাা তালা উপজেলার নলতা গ্রামের এক হতদরিদ্র পরিবারের মেয়ে পারভীনার। তাদের দুই মেয়ে সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, ট্রাকচালক স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ইলিয়াস ওই গৃহবধূকে বিয়ে করেন। এ নিয়েই স্বামীর সাথে পারভীনার বিবাদের সূত্রপাত। তাদের সংসারে অশান্তি প্রকট আকারে ধারণ করে। তবে দ্বিতীয় বিয়ের অভিযোগ অস্বীকার করেছেন ইলিয়াস হোসেন। গত শুক্রবার দুপুরে পারভীনা ভাত রান্নার সময় স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ইলিয়াস হোসেন জ্বলন্ত চুলা থেকে হাড়িভর্তি ভাত ঢেলে দেন পারভীনার শরীরে। এ সময় ঝলসানো শরীরের যন্ত্রণায় ছটপট করতে থাকেন পারভীনা। প্রতিবেশী গৃহবধূ মনোয়ারা বেগম জানান, শুক্রবার দুপুরে পারভীনার চিৎকার শুনে তিনি দৌঁড়ে যান তার কাছে। দেখতে পান পারভীনার সমস্ত শরীর ঝলসে গেছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার ইউনুস আলী জানান, এ ঘটনার পর ইলিয়াসের বাড়িতে গিয়ে পারভীনা এবং তার দুই মেয়ে সোহানা(১২) এবং আফসানাকে (৮) পাওয়া যায়নি। অবশ্য ইলিয়াস জানান, পারভীনাকে এক কবিরাজের কাছে রেখে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু ওই কবিরাজের পরিচয় দিতে পারেননি ইলিয়াস। মনিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ করা হলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

ভাগ