স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর সারথী টেক্সটাইল মিল এলাকায় সন্ত্রাসীরা রিপন হোসেন (২২) নামে এক যুবককে হাতুড়িপেটা করে হাত ও পা ভেঙে দিয়েছে। পরে ঘটনা গোপন করে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্ধু-বান্ধবের ভেতর গোলযোগের জের ধরে এ ঘটনা ঘটে। স্বজনরা প্রাণভয়ে সন্ত্রাসীদের নাম প্রকাশ না করে বলেন, রিপন (২২) উপশহর গোল মার্কেটে মানিকের ফার্নিসারের দোকানে কাজ করেন। গতকাল তাদের বন্ধু-বান্ধবদের ভেতর অভ্যন্তরীণ বিষয় নিয়ে গোলযোগ হয়। পরে স্থানীয় ঊষা কাবের সামনে ৭/৮ জন সন্ত্রাসী হাতুড়ি ও রড দিয়ে রিপন হোসেনকে বেদম প্রহার করে। হাতুড়িপেটায় তার দু’পা ও হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় বিকেলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। রিপন হোসেন উপশহর ১ নং সেক্টরের আকবর আলীর পুত্র। এদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে, রিপন হোসেনকে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়ে সন্ত্রাসীরা তাকে হাসপাতালে আনে এবং সড়ক দুর্ঘটনায় আহত উল্লেখ করে ভর্তি করে। পরে চিকিৎসক আহত হওয়ার প্রকৃত ঘটনা জেনে নিয়ে সেভাবে চিকিৎসা দিচ্ছেন।





