‘যত বাধাই আসুক ভোট থেকে সরবো না’- খোকাপুত্র ইশরাক

লোকসমাজ ডেস্ক ॥  সময়ের কণ্ঠস্বর ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি ভীত নই, বরং আমার মনোবল আরো শক্ত হচ্ছে। নির্বাচন নিয়ে যত ভয়-ভীতি, অত্যাচার নির্যাতনই করুন না কেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে থাকব।’ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলীতে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। বৈঠকে রিটার্নিং কর্মকর্তার কাছে সাম্প্রতিক কিছু ঘটনা তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তার কাছে করা অভিযোগ প্রসঙ্গে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে। একই সঙ্গে ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুস সাহেদ মন্টুর কার্যালয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক তাকে হুমকি দেয়। এ দুই অভিযোগ আমরা মৌখিকভাবে রির্টানিং কর্মকর্তার কাছে জানিয়েছি। শনিবার আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করবো।’ ‘বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা কেউ পালিয়ে যাওয়ার মতো নন। কিন্তু হয়রানি মূলক মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে।’ যোগ করেন ইশরাক। এ বিষয়ে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন ইশরাক হোসেনের অভিযোগের বিষয়ে বলেন, ‘অতি উৎসাহী হয়ে কাউকে হ্যারাসমেন্ট করলে নির্বাচন কমিশন তাকে কিছুতেই ছাড় দেবে না।’ প্রসঙ্গত, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম ঢাকা সিটিতে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ব্যারিস্টার তাপস।

ভাগ