লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ যৌন নিপীড়নের ঘটনায় আত্মহত্যার চেষ্টাকারী স্কুলছাত্রী খাদিজা খানম (১৩) অবশেষে মারা গেছে। গতকাল শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খাদিজা নড়াইলের লোহাগড়া উপজেলার উত্তর পাংখারচর গ্রামের মো. সেলিম সরদারের কন্যা ও শতদল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর সকালে পাংখারচর গ্রামের বখাটে মো. সাব্বির শেখ ওরফে ইমাম শেখ (১৮) এবং তার সহযোগী একই গ্রামের বক্কার শেখের ছেলে নবির শেখ (২০) ও মোক্তার শেখের ছেলে সজিব শেখ (২২) খাদিজাকে পথরোধ করে অশ্লীল কথাবার্তা এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এ ঘটনায় লজ্জা ও ােভে সে বাড়িতে এসে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে খাদিজা। এদিকে এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বখাটে সাব্বির শেখ ওরফে ইমাম শেখকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। অপর দুই আসামি নবীর শেখ ও সজিব শেখ পলাতক রয়েছে। খাদিজার বাবা সেলিম সরদার মামলার আসামিদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





